|
Date: 2025-12-21 21:14:33 |
আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি:
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কর্পোরাল মাসুদ রানার লাশ তাঁর নিজ উপজেলা লালপুরে পৌঁছেছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে লাশ আনা হয়।
গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। তাঁদের মধ্যে একজন ছিলেন নাটোরের লালপুর উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের বাসিন্দা কর্পোরাল মাসুদ রানা (৩০)।
আজ সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে কর্পোরাল মাসুদ রানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে পরিবারের দুই সদস্যকে সঙ্গে নিয়ে দুপুর ২টা ২০ মিনিটে সেনাবাহিনীর হেলিকপ্টারে লাশটি লালপুর উপজেলার করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামানো হয়।
এ সময় সেনাবাহিনী, প্রশাসনের কর্মকর্তা, জন প্রতিনিধি ও স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। পরে অ্যাম্বুলেন্সে করে লাশ নেওয়া হয় তাঁর নিজ গ্রাম বোয়ালিয়াপাড়ায়। সেখানে বোয়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
কর্পোরাল মাসুদ রানার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে
© Deshchitro 2024