|
Date: 2025-12-25 18:49:45 |
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধ :
নাটোরের লালপুর উপজেলায় ঘুরতে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত রবিন হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শোভদিদারপাড়া এলাকায় ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম তাম্মি আক্তার। তিনি লালপুর উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। আটক রবিন হোসেন চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিন হোসেন তার প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঘটনাস্থলে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে অভিযুক্ত রবিন হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
© Deshchitro 2024