রংপুর–৪ (পীরগাছা–কাউনিয়া) জাতীয় সংসদীয় আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন। ২৯ ডিসেম্বর তিনি কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে তার মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে শতাধিক সাধারণ মানুষ, এলাকার বিশিষ্টজন ও বিভিন্ন দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, “আলহামদুলিল্লাহ, আজ আমার জীবনের এক ঐতিহাসিক দিন। রংপুর–৪ (কাউনিয়া ও পীরগাছা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়েছি—কোনো দলীয় শক্তির জোরে নয়, শুধুমাত্র মানুষের ভালোবাসা আর বিশ্বাসের সাহস নিয়ে। এটি শুধু একটি কাগজ নয়; এটি হাজারো মানুষের আশা, কষ্ট ও স্বপ্নের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আমি জানি এই পথ সহজ নয়। কিন্তু আমি বিশ্বাস করি—সত্য আর মানুষের পাশে থাকলে কোনো শক্তিই বড় নয়। আজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দোয়া করবেন এবং সত্যের পথে পাশে থাকবেন। ইনশাআল্লাহ, এই লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে এবং মানুষের অধিকার আদায়ের লড়াই।”তিনি বলেন, “স্বতন্ত্র মানে একা নয়—স্বতন্ত্র মানে জনগণের শক্তি। জয় হোক মানুষের, জয় হোক রংপুর–৪ আসনের। “ উল্লেখ্য, স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব–চৈতার মোড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে। স্থানীয় পর্যায়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024