|
Date: 2026-01-04 15:15:18 |
একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলা’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম (উঁচাপাড়া) এলাকায় সংগঠনের কার্যালয় সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ‘পীরগাছা আলোর কাফেলা’র সভাপতি মোস্তাফিজার রহমান রিপন। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, সিঙ্গাপুর প্রবাসী রাসেল সরকার রানা, ইউপি সদস্য আবুল কাশেম মিন্টু, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান, সমাজসেবক সুজা মিয়া, আবুল কালাম ও সাইফুল্লাহ সজীব। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, প্রচার সম্পাদক আব্দুর রহিম, মালয়েশিয়া প্রবাসী আনিছুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংগঠন সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র রমজান মাসে ‘পীরগাছা আলোর কাফেলা’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হবে। পুরো রমজান মাসজুড়ে একজন দরিদ্র মানুষ যেন নির্বিঘ্নে রোজা রাখতে পারে-এই মানবিক চিন্তা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগেও গত রমজান মাসে সংগঠনটি হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসা অর্জন করে।
সভাপতির বক্তব্যে মোস্তাফিজার রহমান রিপন বলেন, “এক সময় আমাদের এলাকায় জুয়া ও নেশার প্রবণতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। আমরা সবাই মিলে সচেতনতা সৃষ্টি করে তা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ভালো ও মানবিক কাজে সহযোগিতা করা।”
পরে সংগঠনের ও সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম।
© Deshchitro 2024