|
Date: 2026-01-05 13:57:10 |
যশোর যশোরে ঘাস পোড়া বিষ পান করে মো. সাদেকুল ইসলাম (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার।গত ৪ জানুয়ারি ২০২৬, রবিবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে বিষ পানের ঘটনাটি ঘটে।চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাদেকুল ইসলাম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বগা পাড়া গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাদেকুল ইসলাম দীর্ঘ দিন ধরে মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন, যার ফলে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ৪ জানুয়ারি রাত ৩টার দিকে পরিবারের সবার অগোচরে নিজের কক্ষে থাকা 'ঘাস পোড়া বিষ' পান করেন তিনি। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সাদেকুলকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করেন। তবে বিষের তীব্রতা বেশি হওয়ায় অবস্থার অবনতি হতে থাকে এবং রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।যশোর ডিএসবি ও স্থানীয় পুলিশ প্রশাসন খবর পেয়ে হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।সাদেকুলের অকাল মৃত্যুতে তার নিজ গ্রাম বগা পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
© Deshchitro 2024