|
Date: 2026-01-07 20:38:42 |
বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে কী কী পদক্ষেপ নেবে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের ভূমিকা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে সারিয়াকান্দি কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের প্রতিনিধি ও সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক আলোচনা করেন ডুয়েট ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান রাহেল এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য আইয়ুব হোসেন বিভোর।
কর্মশালায় বক্তারা আগামীতে বিএনপি সরকার গঠন করলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনটি বৈপ্লবিক কার্ড প্রবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। প্রান্তিক পর্যায়ের প্রকৃত কৃষকদের সরাসরি সরকারি ভর্তুকি, সার, বীজ ও কৃষি ঋণ সহায়তা নিশ্চিত করণের জন্য কৃষক কার্ড, দেশের প্রতিটি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুবিধা প্রদানের লক্ষে ফ্যামিলি কার্ড এবং সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য করতে স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন করা হবে।
বক্তারা বলেন, "দেশনায়ক তারেক রহমান আগামীর যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেখানে সাধারণ মানুষের অধিকার সবার আগে। এই তিন কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা হবে।" তারা ছাত্রদল কর্মীদের এই উন্নয়ন ও সংস্কারের বার্তা গ্রাম-গঞ্জের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় জেলা ও উপজেলা, পৌর ও ইউনিয়ন সহ সারিয়াকান্দি কলেজ, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ও মাজেদা রহমান স্কুল এন্ড কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ তৃণমূলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে নেতাকর্মীরা দেশ গড়ার এই রূপরেখা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
© Deshchitro 2024