|
Date: 2026-01-21 09:48:34 |
মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক, দৈনিক সমকাল পত্রিকা ও বাংলাভিশন টিভির সাবেক জেলা প্রতিনিধি, লেখক ও সংস্কৃতি ব্যক্তিত্ব এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির আর নেই। তিনি আজ বুধবার (২১-০১-২৬ ইং) ভোর রাত ৪টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইয়াকুব খান শিশির মাদারীপুরের শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের একজন বরেণ্য ও সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন। একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক ও সত্যনিষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রিয়। তার লেখনী, চিন্তা ও সাংস্কৃতিক উদ্যোগ মাদারীপুর জেলার বুদ্ধিবৃত্তিক চর্চায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।
তার ইন্তেকালে মাদারীপুর জেলার গণমাধ্যম ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা ও শোকবার্তা জানানো হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বাদ যোহর মাদারীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ইয়াকুব খান শিশিরের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথক শোকবার্তা প্রদান করা হয়েছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
© Deshchitro 2024