|
Date: 2026-01-23 14:50:31 |
মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতিকে বাস্তবায়নে দৃঢ় অবস্থান থেকে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬ এর অধীনস্থ সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন বাগবাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক হোসেন কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আব্দুর রহিম।
অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে সর্বমোট ৩২৪ (তিনশত চব্বিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024