|
Date: 2026-01-25 17:35:12 |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নড়াইল-২ আসনের নির্বাচনী এলাকা এখন প্রচার-প্রচারণায় মুখর। এই আসনের স্বতন্ত্র প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলামের পক্ষে আজ দিনভর লোহাগড়া উপজেলার১০ নং কোটাকোল ইউনিয়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার সহধর্মিনী।
রবিবার সকাল থেকেই তিনি কোটাকোল ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে শুরু করে পর্যায়ক্রমে ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় উঠান বৈঠক করেন। লোহাগড়া উপজেলার এই ইউনিয়নে প্রতিটি বৈঠকে নারী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মূলত নারী ভোটারদের সচেতন করা এবং 'কলস' প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতেই এই উঠান বৈঠকগুলোর আয়োজন করা হয়।
উঠান বৈঠকে আলহাজ্ব মনিরুল ইসলামের সহধর্মিনী বলেন,
"নড়াইল-২ আসনের মানুষের সুখে-দুঃখে আলহাজ্ব মনিরুল ইসলাম সবসময় পাশে ছিলেন এবং আছেন। এলাকার সুষম উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং একটি শান্তিময় জনপদ গড়ে তুলতে 'কলস' প্রতীকের বিকল্প নেই। আপনাদের একটি ভোট এলাকার ভাগ্য বদলে দিতে পারে।"
প্রচারণাকালে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হলেও মনিরুল ইসলামের রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবার অতীত রেকর্ড তাকে অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রাখবে। কোটাকোল ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী ভোটাররা তার সহজ-সরল উপস্থাপনা এবং বিনয়ী আচরণে মুগ্ধ হয়ে তাকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই গণসংযোগে স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক নারী সমর্থক উপস্থিত ছিলেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, লোহাগড়া ও নড়াইল সদরের প্রতিটি গ্রামে কলস প্রতীকের প্রচারণায় আলহাজ্ব মনিরুল ইসলামের পরিবারের এই সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী সমীকরণকে আরও চাঙা করে তুলছে।
© Deshchitro 2024