|
Date: 2026-01-25 18:58:38 |
বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে নীলফামারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে শিশু অধিকার সুরক্ষা সংগঠন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন (এসিএমও)।
রবিবার (২৫শে জানুয়ারী) শিশু অধিকার সুরক্ষা সংগঠন অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা পরিচালক মাহমুদ হাচানের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান কাছে স্মারকলিপি প্রদান করে দাবিসমূহ উত্থাপন করেন।
এসময় সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- জেলা শাখার সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিব প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় শিশু নীতি-২০১১ এবং শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের এধরনের কাজে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার তাদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এসব কর্মকান্ড বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি প্রশাসনের কঠোর নির্দেশনা সহ চার দফা দাবি প্রদান করা হয়।
অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশনের জেলা পরিচালক মাহমুদ হাচান বলেন, নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধী নয়, এটি শিশুদের শারীরিক ও মানসিক নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা চাই, শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত হোক।
স্মারকলিপি গ্ৰহণকালে নীলফামারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে।
© Deshchitro 2024