|
Date: 2026-01-27 19:02:18 |
আশাশুনিতে দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপকরণ ও শীতবস্ত্র বিতরণ, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র উদ্বোধন এবং ভোটার উদ্বুদ্ধকরণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বর ও প্রতাপনগরে পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উপকরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এএসপি (দেবহাটা সার্কেল) বায়েজীদ ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাজারিন মিশন, ইএসডিও ও রূপান্তর এনজিওর পক্ষ থেকে বিভিন্ন উপকরণ ও কম্বল বিতরণ করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী অসহায় ব্যবসায়ীকে ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
এর আগে জেলা প্রশাসক অফিসার্স ক্লাবের সামনে শিশুদের বিনোদনের জন্য নির্মিত “কচি কাঁচার মেলা” নামের একটি বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমুর পরিকল্পনা ও বাস্তবায়নে নির্মিত এ বিনোদন কেন্দ্রে শিশুদের জন্য স্লিপার, দোলনা ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। জেলা প্রশাসক লাল ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার প্রতাপনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।
© Deshchitro 2024