|
Date: 2026-01-28 19:41:46 |
জামালপুরের ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান আবারও ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত গত নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ঘোষণা করা হয়। এনিয়ে তিনি দ্বিতীয় বারের মতো ময়মনসিংহ রেঞ্জে 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত হলেন।
দক্ষতা, পেশাদারিত্ব ও আইনশৃঙ্খলা রক্ষায় অভিন্ন মানদণ্ডে প্রশংসনীয় অবদান রাখায় এএসপি ইমরুল হাসান 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' হিসেবে ভূষিত হন।
পরে এএসপি মো. ইমরুল হাসানের হাতে ময়মনসিংহ রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক।
জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, 'অপরাধ দমন, ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সফলতার স্বীকৃতি হিসেবে এএসপি মো. ইমরুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের মধ্যে 'শ্রেষ্ঠ সার্কেল' সম্মাননা দেওয়া হয়েছে।'
ইসলামপুর সার্কেলের এএসপি মো. ইমরুল হাসান বলেন, 'যেকোনো সম্মাননা কর্মজীবনে দায়িত্ব পালনে উৎসাহিত করে তোলে। এই সম্মাননা আমার একার নয়। ইসলামপুর সার্কেলের অফিসার-ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এসপি স্যারের দিক নির্দেশনায় অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, মামলা নিষ্পত্তির গতিবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন যেকোনো সময়ের চেয়ে আমরা বাড়াতে পেরেছি। এ ছাড়া নিয়মিত টহল জোরদার, দ্রুত অপরাধ উদ্ঘাটনসহ সাধারণ জনগণের সঙ্গে পুলিশের কার্যকর সেতুবন্ধন তৈরি করতে পেরেছি। ফলশ্রুতিতে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে এখানকার মানুষের।
এএসপি মো. ইমরুল হাসান আরও বলেন, 'ভবিষ্যতেও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষায় কাজ করে যাব।'
উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের 'শ্রেষ্ঠ সার্কেল এএসপি' নির্বাচিত হয়েছিলেন ইমরুল হাসান। এ ছাড়া জামালপুর এসপির কার্যালয়ে অনুষ্ঠিত একই বছরের নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় জামালপুর জেলার 'শ্রেষ্ঠ সার্কেল অফিসার' নির্বাচিত তিনি।
তবে এএসপি ইমরুল হাসানের 'অপেশাদারিত্ব আচরণে' ইসলামপুর থানায় জনবলের তীব্র সংকটে হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অগ্রগতি না হওয়া, এজাহারভুক্ত আসামি ধরাছোঁয়ার বাইরে থাকা এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণের বিষয়ে ইতিপূর্বে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও আনীত অভিযোগ ঠিক নয় মর্মে, দাবি করে আসছেন এএসপি ইমরুল হাসান।
© Deshchitro 2024