|
Date: 2026-02-02 17:15:17 |
রংপুরের পীরগাছার কৃতিসন্তান আহাতাব নূর শুভ ৫৪তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান পীরগাছা জ্ঞানেন্দ্র নারায়ণ (জেএন) সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সে ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পা রানী রায়, সহকারী শিক্ষক একেএম ফরিদুর রহমান রিপন, হাফিজার রহমান, তাপস চন্দ্র বর্মন, আসাদুজ্জামান রাজা, আলমগীর হোসেন, ময়নুল ইসলাম মিঠুসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতা গত ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি দিনাজপুরের বড় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আহাতাব নূর শুভ ১০০ মিটার দৌড়, দীর্ঘলাফ ও উচ্চলাফ এই তিনটি ইভেন্টেই অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এর আগে সে উপজেলা, জেলা, উপঅঞ্চল ও অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিটি ধাপেই প্রথম স্থান অর্জন করে ধারাবাহিক সাফল্যের নজির স্থাপন করে।
আহাতাব নূর শুভর উপজেলার সদর ইউনিয়নের দুধিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতা মাসুদ রানা ভুট্টু পেশায় একজন সাইকেল মেকানিক্স এবং মাতা শান্তনা বেগম একজন গৃহিণী।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠীসহ পীরগাছা উপজেলাজুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সচেতন মহল আহাতাব নূর শুভর এই কৃতিত্বে তাকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
© Deshchitro 2024