নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় এক লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগে সরখোলা গ্রামের দুই যুবককে হাতেনাতে ধরে আটকে রেখেছে স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। বর্তমানে ওই দুই যুবককে বেঁধে রাখা হয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত দুই যুবকের নাম রাব্বি ও ইমন। তারা উভয়েই সরখোলা এলাকার বাসিন্দা বলে পরিচয় পাওয়া গেছে। আজ দুপুরে তারা নওয়াপাড়া ফেরিঘাট সংশ্লিষ্ট এক ব্যবসায়ীর কাছে গিয়ে এক লক্ষ টাকা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হুমকি-ধমকি প্রদান শুরু করে।

ব্যবসায়ীর চিৎকারে আশেপাশের শ্রমিক ও স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে রাব্বি ও ইমনকে ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের ধরে ফেলে এবং ফেরিঘাটের একটি পিলারের সাথে বেঁধে রাখে। স্থানীয়দের অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্ত দুই যুবক স্থানীয়দের জিম্মায় রয়েছে। উত্তেজিত জনতা তাদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ডাকার প্রক্রিয়া চলছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024