নতুন পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে রাজপথে নেমেছেন সরকারি কর্মচারীরা। ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সারিয়াকান্দিতে আজ তিন দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি আজ ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সম্পন্ন হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন দপ্তরের সামনে নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজ বন্ধ রেখে অবস্থান নেন। এ সময় কর্মচারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কার্যালয় চত্বর।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে জীবন ধারণ করা অসম্ভব হয়ে পড়েছে। দীর্ঘ দিন ধরে ১১-২০ গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। অবিলম্বে নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
সারিয়াকান্দি উপজেলা শাখা সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ঢাকায় বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ শেষে সর্বশেষ কর্মসূচি হিসেবে যমুনা অভিমুখে (প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে) পদযাত্রা অনুষ্ঠিত হবে। সারিয়াকান্দি থেকে বিপুল সংখ্যক কর্মচারী এই কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024