ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর অংশ হিসেবে ১৪৫ শেরপুর-৩ সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুসারে সংশ্লিষ্ট আসনের নির্বাচন কার্যক্রম বাতিল (Terminate) ঘোষণা করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।


গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রার্থীর মৃত্যুর ফলে শেরপুর-৩ আসনে চলমান নির্বাচনি প্রক্রিয়া আইনগতভাবে আর অব্যাহত রাখা সম্ভব নয়। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আসনের নির্বাচন স্থগিত থাকবে।


উল্লেখ্য, শেরপুর-৩ আসনে নির্বাচনকে কেন্দ্র করে এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রচার-প্রচারণা চলছিল। নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024