|
Date: 2026-02-04 16:37:19 |
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সারিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করা হবে। একইসঙ্গে গত দেড় দশকের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে সারিয়াকান্দি ও সোনাতলাকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়ায় আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে কাজী রফিকুল ইসলাম বলেন, আমরা ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, যাতে করে প্রতিটি নাগরিক সামাজিক সুরক্ষা পায়। কোনো বিশেষ গোষ্ঠীর জন্য নয়, বরং উন্নয়ন হবে সর্বজনীন।
তৃণমূলের মানুষের অর্থনৈতিক মুক্তির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে পরিবারের গৃহকর্ত্রীদের জন্য 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' প্রবর্তন করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরাসরি সরকারি সুযোগ-সুবিধা ও ভর্তুকি পৌঁছে দেওয়া হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি গত ১৫ বছরের উন্নয়ন বৈষম্যের কথা টেনে বলেন, যমুনার তীরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত। আমরা নির্বাচিত হলে নদী ভাঙন রোধসহ চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।
নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় উক্ত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ-আযম বাবু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
© Deshchitro 2024