|
Date: 2026-02-07 18:38:09 |
পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হলো যশোরের ঝিকরগাছার উত্তরগঙ্গাধরপুর গ্রাম।প্রতিবেশীর ইটের আঘাতে রক্তাক্ত জখম হয়ে হাসপাতালের বিছানায় এখন যন্ত্রণায় ছটফট করছেন লাকি (৩২) নামের এক গৃহবধূ। শনিবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে পারিবারিক কিছু বিষয় নিয়ে উত্তরগঙ্গাধরপুর গ্রামের মখলেচুরের স্ত্রী লাকি ও ইয়াছিনের স্ত্রী রূপসীর (১৭) সাথে প্রতিবেশী ইকবাল হোসেনের (৫০) কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারান ইকবাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ইকবাল উত্তেজিত হয়ে দুই নারীর ওপর চড়াও হন। এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারার একপর্যায়ে তিনি পাশে থাকা শক্ত ইট দিয়ে লাকির মাথায় সজোরে আঘাত করেন। মুহূর্তেই মাথা ফেটে রক্তে ভিজে যায় লাকির পরনের কাপড়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারী দ্রুত স্থান ত্যাগ করেন।রক্তাক্ত অবস্থায় স্বজনরা লাকিকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় আঘাত পাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। "সামান্য কথা কাটাকাটি থেকে একজন প্রতিবেশী এভাবে একজন নারীর ওপর হিংস্র হয়ে উঠতে পারে, তা ভাবতেই অবাক লাগছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।" — ভুক্তভোগীর একজন প্রতিবেশী
© Deshchitro 2024