|
Date: 2026-02-09 16:45:03 |
রংপুরের পীরগাছায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ও তার ছেলে খোকন মিয়ার বিরুদ্ধে একাধিক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিকার ও জীবন রক্ষার দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর (নয়ারহাট) বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী পরিবার।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে জমিটি দখল করে ভোগ করার পাশাপাশি ভুক্তভোগীদের বিরুদ্ধে ৮ থেকে ৯টি মামলা দায়ের করা হয়েছে। এতে করে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাহেনা বেগম বলেন, “আমাদের বিরুদ্ধে এখনো ৮–৯টি মামলা চলমান। তারা আমাদের বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় আমি কীভাবে এখানে বসবাস করবো?”
ভুক্তভোগী লায়লা বলেন, “খোকন মিয়া আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। আমরা মামলা চালাতে আর সক্ষম নই। আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। বাবার বড় মেয়ে হিসেবে প্রশাসনের কাছে অনুরোধ আমাদের জমিটা ফেরত দেওয়া হোক।”
ভূক্তভোগী রাসেল মিয়া ও রাব্বী মিয়া অভিযোগ করে বলেন, “তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে প্রায় দশ বছর ক্ষমতায় ছিলেন। এই সময় আমাদের জমি দখল করে খেয়েছেন। এখন আবার রংপুর জজকোর্টে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, বলা হচ্ছে আমরা নাকি বাজারের দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলেছি, যা সম্পূর্ণ ভিত্তিহীন।”
অভিযুক্ত খোকন মিয়া বলেন, “মামলা আদালতে চলমান রয়েছে। তবে জমিটি আমাদেরই।” তাদের অভিযোগ ভিত্তিহীন।
© Deshchitro 2024