|
Date: 2026-02-13 01:36:24 |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা শেষে গণনার শেষ মুহূর্তে আসে নাটকীয় মোড়। প্রাথমিক গণনায় এগিয়ে থাকা বিএনপি প্রার্থী নাদিরা আক্তারের অবস্থান পোস্টাল ব্যালট বা প্রবাসী ভোটের ফলে উল্টে যায়। শেষ হাসি হাসেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী, হাজী শরিয়াতুল্লাহ রহ: উত্তরশরি পিরজাদা সাইদ উদ্দিন আহমেদ হানজালা (রিকশা প্রতীক)।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২০ হাজার ৮৫৯। ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৬৯৯। এর মধ্যে ৩ হাজার ৫৭২ ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ১২৭।
প্রাথমিক গণনায় নাদিরা আক্তার (ধানের শীষ প্রতীক) পেয়েছিলেন ৬৪,২৯১ ভোট, হানজালার ভোট ছিল ৬৩,৫১১। ব্যবধান ছিল মাত্র ৭৮০ ভোট। দিনভর উত্তেজনা ও সমর্থকদের মধ্যে জল্পনা চলতে থাকে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা (জাহাজ প্রতীক) পেয়েছেন ৩৬,৪৪৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হোসাইন (হাতপাখা) পেয়েছেন ৬,১৪২ ভোট। সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী (ফুটবল) পেয়েছেন ৩,০২১ ভোট। গণ অধিকার পরিষদ পেয়েছে ৩,০২৩ ভোট। এছাড়া জাতীয় পার্টি ১৭৬, কমিউনিস্ট পার্টি ২০৬, বাংলাদেশ লেবার পার্টি ৬৯ এবং হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ২৪৫ ভোট পেয়েছেন।
ফলাফলের চূড়ান্ত চিত্র পরিবর্তন করে পোস্টাল ব্যালট। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোট আয়োজন করা হয়। পোস্টাল ব্যালটে হানজালা পান ১,৩৯৮ ভোট, নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। এতে হানজালার মোট ভোট দাঁড়ায় ৬৪,৯০৯ এবং নাদিরার ভোট হয় ৬৪,৫২৪। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানেই নিশ্চিত হয় হানজালার জয়।
প্রবাসী ভোটের এই প্রভাব মাদারীপুর-১ আসনের রাজনৈতিক সমীকরণই পাল্টে দিয়েছে। মাদারীপুর-১ আসনের এই নাটকীয় জয় রাজনৈতিক মহলে এখন সরগরম আলোচনার বিষয়।
© Deshchitro 2024