|
Date: 2026-02-13 16:26:56 |
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের নিজ ভোটকেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে ওই কেন্দ্রে ২৫ ভোট বেশি পেয়ে দাঁড়িপাল্লা প্রতীক জিতে। এ ছাড়া তুলনামূলক ভোটও কম প্রদান করা হয় কেন্দ্রটিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় নুরুল হুদা সিনিয়র আলিম মাদ্রাসাকেন্দ্রে ভোট প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব। ওই কেন্দ্রে ৪৪০৭ জন ভোটারের মধ্যে ২৫৬০ জন ভোট প্রদান করেন। ২১ জনের ভোট বাতিল ঘোষণা করা হয়। এতে দাঁড়িপাল্লা প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৭৩ এবং ধানের শীষ প্রতীকে ভোট পড়েছে ১২৪৮টি। এ ছাড়া হাতপাখা প্রতীকে ১৬ এবং ঘোড়া প্রতীকে ২টি ভোট পড়েছে।
উল্লেখ্য, ৯২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু ধানের শীষ প্রতীকে ৯৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে ৬১ হাজার ৬৫৫ ভোট পান। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী হাতপাখা প্রতীকের পেয়েছেন ১ হাজর ৪৭৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে অর্ণব ওয়ারেস খান পেয়েছেন ১৩৭ ভোট।
এ উপজেলার ২ লাখ ৮২ হাজার ১০৩ জন ভোটারের মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৯৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল ৫৬.৩৪ শতাংশ। সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
© Deshchitro 2024