সরকার আগামী ১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সহসা সরকার খাল খননের তারিখ ও বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্ত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে কেবিনেট মিটিং করেছেন, সেখানে মন্ত্রীদের নির্দেশনা দিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্যরে জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে হবে। সে অনুযায়ী কাজ করছি।’

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘যেসব স্থানে নদী ভাঙন অব্যাহত রয়েছে। সেসব স্থানে পর্যায়ক্রমে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে। বিশেষ করে লক্ষ্মীপুরের ভূলুয়া নদী ও রহমতখালী খাল খনন কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি ভোটের আগে জনগণকে এলাকার রাস্তাঘাট উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’

এরআগে সকালে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও পুলিশ সুপার আবু তারেক মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও লক্ষ্মীপুর পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক(সম্রাট খিসা, অতিরিক্ত জেলা প্রশাসক(এডিএম) মেজবা উল আলম ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024