|
Date: 2026-02-20 23:49:39 |
আবু তালেব, লালপুর( নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে জোতদৈবকি (কলেজ মোড়) এলাকায় পেট্রোলের আগুনে পুড়ল এক হিন্দু গৃহবধু। স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে নিজ শরীরে পেট্রোল ঢেলে নিজেই আগুন দিয়েছে ওই গৃহবধূ। পুলিশ বলছে,তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
লালপুর থানার ওসি মজিবর রহমান এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুরুজ্জামান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই গৃহবধুর নাম অর্পিতা রানী সিঁথি (১৮)। তিনি ওই এলাকার চা দোকানী জগাই কর্মকারের স্ত্রী।
ওই গৃহবধুর স্বামীর পরিবারের সদস্যদের দাবি, প্রায় দুই বছর আগে জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। কিন্তু বেশ কিছুদিন থেকেই স্বামী-স্ত্রীর কলহ চলছিল। এরই জেরে আজ শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরএমও সুরুজ্জামান শামীম জানান, দুপুর আড়াইটার দিকে ওই দগ্ধ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
লালপুর থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহের ময়না তদন্ত করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
© Deshchitro 2024