মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। তারা শহীদ মিনারে ফুল দিয়ে নীরবতা পালন করেন এবং ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা শহিদদের ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। ভাষার অধিকার প্রতিষ্ঠার সেই সংগ্রামই পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল।

তারা আরও বলেন, সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। মহান একুশের চেতনা ধারণ করে মুক্তচিন্তা, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। গভীর রাত থেকেই সেখানে মানুষের ঢল নামে, প্রজন্ম থেকে প্রজন্মে ভাষা আন্দোলনের ইতিহাস স্মরণে নানা কর্মসূচি পালিত হয়।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024