|
Date: 2026-02-23 19:19:18 |
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ও জনস্বার্থে নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ জন দোকানদারকে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী বাজারে এই তদারকি চালানো হয়। এসময় দোকানে পণ্যের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী ০৩ জন ব্যবসায়ীকে মোট ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
এসময় সাধারণ ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখা এবং সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সেই সাথে রমজান মাসে পণ্যের সরবরাহ ও দাম সহনীয় পর্যায়ে রাখার জন্যও বলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমাদের এই তদারকি ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
© Deshchitro 2024