মাদারীপুরের শিবচর পৌর এলাকায় গড়ে ওঠা অনুমোদনবিহীন ও অনিয়মে পরিচালিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের ব্যাপক অভিযান চালানো হয়েছে। অভিযানে ১২টি প্রতিষ্ঠানে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং গুরুতর অনিয়মের অভিযোগে ৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েখা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা মেহেজাবিন এবং শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. ইব্রাহিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় কাগজপত্রের অনুপস্থিতি, দক্ষ চিকিৎসক ও নার্সের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দেওয়ার মতো একাধিক অনিয়মের প্রমাণ মেলায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও ৩টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারসহ মোট ৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।

সিলগালা করা প্রতিষ্ঠানগুলো হলো— সিটি ডায়াগনস্টিক সেন্টার, শরিফ ডায়াগনস্টিক সেন্টার, শিবচর ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, শিবচর হলি ফ্যামেলি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, হিরাপান্না চক্ষু হাসপাতাল এবং এইচ বি হাসপাতাল। এছাড়া অন্যান্য অনিয়মের দায়ে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েখা সুলতানা বলেন, “জনস্বার্থ ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানে ন্যূনতম মানদণ্ড বজায় রাখা হয়নি, সেগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”

স্থানীয়দের অভিযোগ, শিবচর পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার; যাদের অনেকেরই নেই প্রয়োজনীয় অনুমোদন ও মানসম্মত অবকাঠামো। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024