জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং জ্বালানি তেলের পাচার প্রতিরোধে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক জ্বালানি সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।


জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা অবৈধ সরবরাহ সহ্য করা হবে না। এ বিষয়ে অবৈধ সরবরাহকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে সরকার কর্তৃক জারিকৃত অবশ্যপালনীয় নির্দেশনা প্রচারের নির্দেশ দেন তিনি।


সভায় বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আব্দুল আউয়াল চৌধুরী।


এ সময় শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি, জ্বালানি তেল পাম্প মালিক, ম্যানেজার, সরবরাহকারী, ব্যবসায়ী, পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় বক্তারা জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট রোধ এবং পাচার প্রতিরোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024