|
Date: 2026-03-12 19:22:23 |
মোংলা প্রতিনিধি
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ৩টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দ্রুতগতিতে চলমান নৌবাহিনীর বাসটি বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। মাইক্রোবাসে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মোংলা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুজন শিশুসহ আট জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে এবং ২ শিশুসহ চারজনের দুজনের মরদেহ রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা গেছে, দ্রুতগতি ও সম্ভবত লেন পরিবর্তনের কারণে এই মর্মান্তিক সংঘর্ষ ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে।
এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা।
© Deshchitro 2024