|
Date: 2026-03-15 19:41:07 |
যশোরের মুজিব সড়কে একটি পোশাকের দোকানে মাত্র ৫০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক ক্রেতা ও তার পরিবারকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বিকেলে ‘পাঞ্জাবি কর্নার’ নামক একটি প্রতিষ্ঠানে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকান মালিক ও অভিযুক্তদের থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী মুশফিক ঝিনাইদহের মহেশপুর থেকে স্ত্রী ও শ্যালককে নিয়ে কেনাকাটা করতে যশোরে এসেছিলেন। জানা গেছে, ১ হাজার ৩০০ টাকার দুটি পায়জামা দর-কষাকষির মাধ্যমে ৭৫০ টাকায় চূড়ান্ত হয়। মুশফিক ৮০০ টাকা দিলে দোকান মালিক আব্দুর রহমানের ছেলে উজ্জ্বল বাকি ৫০ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং পুরো টাকাটিই রেখে দেন।
এই পাওনা টাকা ফেরত চাওয়া নিয়েই বাকবিতণ্ডার সূত্রপাত। মুশফিকের অভিযোগ, টাকা ফেরত চাইলে দোকান মালিক, তার ছেলে ও কর্মচারীরা মিলে তাকে ভয়ভীতি দেখাতে শুরু করেন এবং তার স্ত্রীকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে মুশফিক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করার কথা বললে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
আশেপাশের ব্যবসায়ীদের দাবি, ওই দোকানের মালিক ও কর্মচারীদের অপেশাদার এবং উগ্র আচরণ নতুন কিছু নয়।তারা প্রায়ই ক্রেতা ও প্রতিবেশী দোকানদারদের সঙ্গে অশোভন আচরণ করে থাকেন।ঘটনার পর পুলিশ উভয় পক্ষকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, ব্যবসায়ী সমিতির নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনার পর বিষয়টি মীমাংসা করা হয়েছে। কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ না করায় বিকেলের মধ্যেই তারা সমঝোতায় পৌঁছান।
© Deshchitro 2024