পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার 'দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন' কর্মসূচী সফল করার লক্ষ্যে রংপুরের গংগাচড়া উপজেলাধীন মর্ণেয়া ইউনিয়নের রমাকান্ত খাল খননের শুভ উদ্বোধন করা হয়েছে।


বুধবার, ১৮ মার্চ ২০২৬ তারিখে উপজেলার আলালের চর চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খনন কাজের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব সাইফুল ইসলাম, প্রশাসক, রংপুর জেলা পরিষদ ও আহবায়ক, রংপুর জেলা বিএনপি।


উদ্বোধনকালে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জলাশয় ও খাল খননের মাধ্যমে কৃষি এবং পরিবেশের আমূল পরিবর্তন আনা সম্ভব। রমাকান্ত খালটি খননের ফলে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও উন্নত হবে এবং এলাকার জীববৈচিত্র্য রক্ষা পাবে। মর্ণেয়া ইউনিয়নের এই বিশাল কর্মযজ্ঞে স্থানীয় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং এলাকাবাসী সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানান।


পানি সম্পদ মন্ত্রণালয়ের এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে পুরো গংগাচড়া অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন গতির সঞ্চার হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024