রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক জমির মালিকানা ও ভাগবাটোয়ারা নিয়ে আনোয়ার বেপারী ও হারুন বেপারী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।


সংঘর্ষে আনোয়ার বেপারী (৪৫), কাদির বেপারী (৫০), রুহুল আমিন বেপারী (৩৮), হযরত আলী বেপারী (৬৫), হারুন বেপারী (৩৭), মান্নান বেপারী (৫০), রুবেল বেপারী (৩২), সাহিদা বেগম (৫৫), হামীম (১৫), নাঈম (১৩) ও ঝর্ণা আক্তার (৩২) আহত হন। আহতদের মধ্যে ঝর্ণা আক্তারের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের চিকিৎসা চলছে।


সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।


হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024