রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার মানোন্নয়ন ও স্থানীয় সমস্যাবলি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রশিদ মুকুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পীরগাছার কৃতি সন্তান ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুকুল ইসলাম রাখু এবং উপজেলা তারবিয়াত সভাপতি আনোয়ারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে শিক্ষা খাতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত সাধারণ জনগণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তা মনোযোগ সহকারে শোনেন অতিথিরা এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। পরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ১৬ জন শিক্ষককে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষা উন্নয়ন ও শিক্ষকদের উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024