|
Date: 2026-03-27 22:03:58 |
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা ও শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী (৪৪) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা ইয়ার আলী দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার নেতৃত্বে এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হত বলে অভিযোগ রয়েছে। সাধারণ মানুষ তার ভয়ে দীর্ঘদিন আতঙ্কে দিন কাটাতো।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিবের নেতৃত্বে পুলিশ এবং র্যাব-৬ এর একটি চৌকস দল যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকার আলমগীরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ইয়ার আলীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, তিনি বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়ার আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন, যাতে এলাকায় স্থায়ীভাবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
© Deshchitro 2024