|
Date: 2026-04-01 19:14:09 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে প্রশাসনের ভ্রাম্যমাণ টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ৯ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং দুই অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (৩১ মার্চ) দিনব্যাপী মেঘনা নদীর তীরবর্তী উত্তর ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের বিভিন্ন ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ দেন।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন জানান, সাজু মোল্লার মাছঘাট, আলতাফ মাস্টার ঘাট, সুইচগেট, রাহুল ঘাট ও টুনুর চর এলাকায় জাটকা নিধন প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ৭০ কেজি জাটকা, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে ৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক দুই জেলেকে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত জেলেরা বরিশাল জেলার হিজলা উপজেলার চরতরবসুনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল মাসজুড়ে লক্ষ্মীপুর সদর, রায়পুর ও চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024