রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের সুনামগঞ্জ বাজার ও আশেপাশের এলাকায় কিশোরদের মধ্যে মাদকাসক্তি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ বাজার সংলগ্ন বিভিন্ন আড্ডাস্থল, দোকানের পেছনের নির্জন জায়গা ও রাস্তার পাশে কিছু কিশোরকে নিয়মিত মাদক সেবন করতে দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে বলে জানান এলাকাবাসী।


অভিভাবকদের অভিযোগ, কিছু অসাধু মাদক ব্যবসায়ী কৌশলে কিশোরদের টার্গেট করে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক সরবরাহ করছে। এতে করে স্কুল-কলেজ পড়ুয়া অনেক কিশোর ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।


একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান,

আমাদের সন্তানদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। বাজার এলাকায় গেলেই ভয় লাগে, কখন কোন খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায়।


স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনের নজরদারি বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হবে।


এলাকাবাসীর দাবি, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সুনামগঞ্জ বাজার এলাকায় দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024