ঈশ্বরগঞ্জে সরকারী নিয়ম ভেঙ্গে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মোবারক হোসেন (৩০) নামে এক যবুককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে এঘটনা ঘটে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।

দন্ডপ্রাপ্ত মোবারক তারুন্দিয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, লাইনে তাকে ৫শ টাকার তেল দেয়া হয় এরপরও তিনি লাইন না ছেড়ে আরো ৫শ টাকার তেল দাবী করেন। পাম্প কর্তৃপক্ষ অপারগতা প্রকাশ করলে ঝগড়ায় লিপ্ত হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান পাম্পে গিয়ে যুবককে বুঝানোর চেষ্টা করলে যুবক ইউএনওর সাথেও অশোভন আচরণ করে।

পরে উপজেলা সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। 

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, সরকারী বিধি মোতাবেক দন্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024