|
Date: 2026-04-11 17:36:43 |
ইরান তার নিজের সৃষ্ট সমস্যার কারণে হরমুজ প্রণালী নৌচলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে পারছে না, যুদ্ধের মধ্যে প্রণালীটি বন্ধ করার জন্য জলপথে পাতা সব মাইন তারা খুঁজে পাচ্ছে না।
শনিবার (১১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য জানায় নিউইয়র্ক টাইমস।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহকারী এই সংকীর্ণ পথটি দ্রুত খুলে দিতে এবং এর মধ্য দিয়ে আরও বেশি যান চলাচল করতে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের তেহরানকে দেওয়া সতর্কবার্তার প্রেক্ষিতে, এই বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।
পারমাণবিক আলোচনা স্থবির হয়ে পড়া এবং তেহরান তার পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করেছে এমন দাবির জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে যৌথ বিমান হামলা চালানোর পরপরই, গত মাসে ইরান ছোট নৌকা ব্যবহার করে হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখে।
তবে, ইরান মাইনগুলো স্থাপনের বিষয়টি নথিভুক্ত করেছিল কিনা, তা স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদন অনুসারে, ইরানের নথিভুক্ত করা কিছু মাইন এমনভাবে স্থাপন করা হয়েছিল, সেগুলো ভেসে যেতে বা সরে যেতে পারে, ফলে সেগুলোর অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানি কর্তৃপক্ষ প্রণালীটিতে ‘এলোমেলোভাবে’ মাইন পেতে রেখেছে।
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে যে, এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলো সমুদ্রমাইনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। তবে, টোল প্রদানকারী জাহাজগুলোর যাতায়াতের জন্য তারা আরেকটি পথ খোলা রেখেছিল।
চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের দেওয়া সময়সীমার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। হরমুজ প্রণালীও পুরোপুরি খুলে দিতে রাজি হয়। কিন্তু মাইন সমস্যার কারণে দ্রুত জলপথটি পরিষ্কার করতে না পারায়, তেহরান এই গুরুত্বপূর্ণ জলপথের প্রধান অঞ্চলে ‘সমুদ্র মাইনের ঝুঁকি’র কথা উল্লেখ করে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেয়।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক সব জাহাজকে জানানো হচ্ছে যে, সামুদ্রিক নিরাপত্তার নীতিমালা মেনে চলতে এবং সমুদ্রমাইনের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ থেকে সুরক্ষিত থাকতে...তাদের হরমুজ প্রণালীতে চলাচলের জন্য বিকল্প পথ অবলম্বন করা উচিত।’
বিবৃতিতে প্রণালীটির মধ্য দিয়ে একটি বিকল্প প্রবেশ ও প্রস্থান পথের নির্দেশনা দেওয়া হয়। সূত্র: এনডিটিভি
© Deshchitro 2024