সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ঘোনা ও কাকডাঙ্গা বিওপির টহলদল পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ঘোনা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৬/৫ এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার গেড়াখালি এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করতে সক্ষম হয়।

অভিযানে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল উদ্ধার করা হয় বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে পাচার করছিল। এতে দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পও হুমকির মুখে পড়ছে।

স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ বিজিবির এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024