|
Date: 2026-04-20 14:23:22 |
উত্তরবঙ্গের প্রবেশদ্বার ও প্রাচীন জনপদ বগুড়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নামফলক উন্মোচন করে এই নতুন সিটি করপোরেশনের উদ্বোধন করেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সেখানে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রচেষ্টা ২০০১ সাল থেকেই শুরু হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই স্বপ্ন বাস্তবায়িত হলো। তিনি উল্লেখ করেন, শহরটিকে একটি পূর্ণাঙ্গ আধুনিক নগরীর সুবিধা দিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “আজ থেকে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। কিছু প্রশাসনিক ও অবকাঠামোগত কাজ এখনো বাকি থাকলেও দ্রুতই নাগরিকরা এর সুফল পেতে শুরু করবেন।”
নতুন এই সিটি করপোরেশনকে একটি মডেল নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “নতুন সিটি করপোরেশনকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এখন নাগরিকদের অন্যতম প্রধান দায়িত্ব।” শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা ফেলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি সবাইকে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়ার সব আসনের সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এ ছাড়া সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বগুড়া যুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সিটি করপোরেশনের সংখ্যা এখন ১৩-তে উন্নীত হলো।
বগুড়া সিটি করপোরেশন গঠিত হওয়ায় এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
© Deshchitro 2024