শেরপুরের ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া এলাকায় বজ্রপাতে মো. হাসান আলী নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ২৬ এপ্রিল ২০২৬ রবিবার বিকাল প্রায় ৩ ঘটিকার সময় নিজ জমিতে ধান কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে হাসান আলী মাঠেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।


এই দুঃখজনক ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদানের অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের উদ্যোগে ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে পরিবারটিকে ২৫ হাজার টাকার একটি চেক এবং ২ প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীবুল ইসলাম এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024