মৌলভীবাজারে খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ ১০টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসি আজাদ মিয়া ওরফে আজাদ আহমদ ওরফে পীর আজাদ (৪২)-কে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশে বিশেষ টিমের অভিযানে গতকাল রাতে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারস্থ পাপড়িকা রেস্টুরেন্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পীর আজাদ মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর গ্রামের মৃত ছইদ উল্লাহ এর পুত্র।

বুধবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জেলা পুলিশ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আজাদ পীরের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় খুন, ডাকাতি, অস্ত্র ও মারামারিসহ মোট ১২টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় ১০টি গ্রেফতারি পরোয়ানা মূলতবি রয়েছে। দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর লক্ষ্যে সে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা এবং সিলেট মেট্রোপলিটন এলাকায় আত্মগোপনে ছিল।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের-এর নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমান, এএসআই জাহিদুর রহমানসহ একটি বিশেষ টিম উক্ত অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার সদর মডেল থানার এই বিশেষ টিম গত ২৭ এপ্রিল থেকে অভিযান শুরু করে। টানা দুই দিনের অভিযানের পর ২৮ এপ্রিল রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ নিশ্চিত করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024