|
Date: 2026-05-01 19:36:08 |
যশোরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঘোষণা দিয়েছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালু করতে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকার জনগণের সরকার। আমরা চাই প্রতিটি শ্রমিক যেন তার কর্মস্থল ফিরে পায় এবং মাস শেষে ন্যায্য মজুরি বুঝে পায়। শ্রমিক পরিবারের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”শ্রমিক শোষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে শ্রমিকরা অসন্তুষ্ট, সে প্রতিষ্ঠান কখনোই দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। টেকসই উন্নয়নের জন্য মালিক ও শ্রমিকের মধ্যে হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখা অপরিহার্য।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফরসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করার মাধ্যমে দিবসের কর্মসূচি সমাপ্ত হয়।
© Deshchitro 2024