দিনাজপুর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকেলে দিনাজপুর শহরের একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডার্ন মোড় হয়ে লিলি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে টায়ার জ্বালিয়ে তারা প্রতীকী প্রতিবাদ জানান এবং নবগঠিত কমিটি বাতিলের দাবি তোলেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পূর্বের কমিটির নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় ছাড়াই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা তারা অগ্রহণযোগ্য বলে মনে করেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও নির্যাতনের শিকার তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছে।

জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম বলেন, ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা অন্যায় ও বৈষম্যমূলক। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।এদিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুজার সেতু বলেন, নতুন কমিটি গঠনের বিষয়ে তাদের কোনো ধরনের অবগত করা হয়নি, এমনকি গুরুত্বপূর্ণ অনেক পদে থাকা নেতাদেরও বাদ দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করে সাবেক কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। এছাড়াও সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন এবং দ্রুত কমিটি বাতিলের দাবি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024