গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


তিনি বলেন, ‘দেশের সব অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো আরোপিত কাঠামো হিসেবে বিবেচিত না হয়।’


সোমবার (১১ মে) অনলাইনভিত্তিক গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বেঙ্গল সেন্টারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। 


মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব এখন একটি রূপান্তরের সময় অতিক্রম করছে। ডিজিটাল প্রযুক্তি, অনলাইন মিডিয়া ও ইন্টারনেটের বিস্তৃত ব্যবহারের ফলে তথ্য প্রবাহ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে। মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ।’  


তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার একদিকে যেমন অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকেও সুরক্ষা দিতে চায়। সরকার দায়িত্ব গ্রহণের আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।


তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে।’ 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024