|
Date: 2026-05-12 16:13:38 |
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজর গ্রামের নিশ্চিন্তা মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটি চাপা দেওয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়দের ভাষ্যমতে, ফসলি মাঠের ভেতরে মাটি চাপা দেওয়া অবস্থায় মরদেহটি পড়ে ছিল। নিহত ব্যক্তির পরনে ছিল একটি লুঙ্গি এবং নীল ও ঘিয়া রঙের গেঞ্জি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। মরদেহের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন,
“মাঠের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে শুনে এসে দেখি অত্যন্ত নির্মমভাবে লোকটিকে হত্যা করা হয়েছে।
তিলকপুর ইউনিয়নের ইউপি সদস্য সেলিম রেজা বাদশা বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে।
© Deshchitro 2024