|
Date: 2026-05-12 17:51:57 |
নান্দাইলে আড়াই মাস পেরিয়ে গেলেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ
ময়মনসিংহের নান্দাইলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের আড়াই মাস পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ প্রশাসনের প্রতি সাধারণ জনগণের যেন আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে। স্কুলছাত্রী তুলি উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরকামটখালী গ্রামের আব্দুল আলিমের মেয়ে ও স্থানীয় জেবি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার তুলিকে (১৪) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত প্রতিবেশী মিজানুর রহমানের ছেলে আজাদ মিয়া (১৬)। একপর্যায়ে গত ২৬ ফেব্রুয়ারি সকালে ওই স্কুল ছাত্রী বাড়ি থেকে স্থানীয় একটি কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয়। পথে চরকামটখালী জনৈক হাতেম আলীর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আজাদ ও তার সহযোগীরা তুলিকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় তুলির বাবা আব্দুল আলিম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে ৪ মার্চ নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৪)। তবে ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও অপহৃতা ছাত্রীকে এখনো উদ্ধার করা হয়নি।
মামলার বাদী আব্দুল আলিম জানান, আসামিদের বাড়িতে গিয়ে মেয়ের খোঁজ চাইলে তারা শর্ত দেয় যে, আজাদের সাথে বিয়ে দিলেই কেবল মেয়ের সন্ধান জানানো হবে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ সম্রাজ মিয়া জানান, ভিকটিমকে উদ্ধারের অভিযান অব্যাহত আছে। আসামিরা আদালতে হাজিরা দিতে গিয়ে কয়েকজন আসামি জেল হাজতে আছে। শুনানীর দিন তাদের রিমান্ড চাওয়া হবে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “আমি নতুন যোগদান করেছি, মামলার বিষয়টি খতিয়ে দেখে এবং তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
© Deshchitro 2024