|
Date: 2026-05-12 18:58:51 |
রাত নামলেই যেন বদলে যায় মাদারীপুরের শিবচর উপজেলার কয়েকটি এলাকা। নির্জন মাঠ, চরাঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পেছনের ফাঁকা জায়গায় বসছে জুয়ার আসর, চলছে ইয়াবাসহ নানা মাদকের বেচাকেনা। রাতভর ২০ থেকে ৩০টি মোটরসাইকেলের বহর নিয়ে দূরদূরান্ত থেকে আসছেন জুয়ারিরা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্রের ছত্রচ্ছায়ায় দিন দিন বিস্তৃত হচ্ছে জুয়া ও মাদকের এই ভয়ংকর নেটওয়ার্ক।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের পেছনের বাবুর ভিটা এলাকায় বর্তমানে সবচেয়ে বড় জুয়ার আসর বসছে। সেখানে প্রকাশ্যেই জুয়া খেলার পাশাপাশি ইয়াবা ও অন্যান্য মাদক সেবন এবং কেনাবেচা চলছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তিদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে জুয়া ও মাদক সিন্ডিকেট। শুধু শিবচর নয়, শরীয়তপুর, জাজিরা, ফরিদপুর, ভাঙ্গা, কালকিনি, নাওডোবা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও জুয়ারিরা এসব আসরে অংশ নিতে আসছেন। তাদের আনা-নেওয়ার জন্য গড়ে উঠেছে আলাদা মোটরসাইকেল সিন্ডিকেট।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্তত পাঁচটি স্থানে নিয়মিত জুয়ার আসর বসছে। এর মধ্যে রয়েছে চান্দেরচর কলেজের পেছনের বাবুর ভিটা, চান্দেরচর ইটভাটা এলাকা, কুতুবপুর সীমান্তসংলগ্ন এলাকা, মাদবরচর ইউনিয়নের নাসিরের মোড় এবং ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর এলাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাত হলেই পুরো এলাকা বদলে যায়। বাইরের লোকজন এসে ভিড় জমায়। যুবকদের হাতে তাস, মাদক আর টাকার বান্ডিল দেখা যায়। জুয়ার কারণে এলাকার তরুণেরা ধ্বংস হয়ে যাচ্ছে, অনেকেই মাদকে জড়িয়ে পড়ছে। আজ যারা জুয়ার আসরে বসছে, কাল তারাই চুরি-ছিনতাই ও অপরাধে জড়িয়ে পড়ছে। পরিবার নিয়ে আতঙ্কে থাকতে হচ্ছে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পায় না।”
এ বিষয়ে সরকারি পুলিশ সুপার মো: সালাহ্ উদ্দিন কাদের বলেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।”
তবে স্থানীয়দের দাবি, শুধু অভিযান ঘোষণায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমেই বন্ধ করতে হবে জুয়া ও মাদকের এই ভয়ংকর বিস্তার।
© Deshchitro 2024