|
Date: 2026-05-13 19:48:37 |
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার গ্রামগঞ্জে দীর্ঘদিন ধরে চলে আসা সাল্লিস বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। নির্বাচন পরবর্তী সময়ে দেওয়া এ ঘোষণাকে ঘিরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরলেও, স্থানীয়ভাবে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এখনো সাল্লিস বাণিজ্য চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব ও সামাজিক সমস্যাকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধ সাল্লিস বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন। এসব সাল্লিসে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি এক বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, রায়পুরের গ্রামগঞ্জে আর কোনো সাল্লিস বাণিজ্য চলবে না। সাধারণ মানুষের সঙ্গে অন্যায় করে কেউ ফায়দা লুটতে পারবে না। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
তবে অভিযোগ রয়েছে, ঘোষণার পরও উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মী এখনো প্রভাব খাটিয়ে সাল্লিসের নামে অর্থ আদায় ও পক্ষপাতমূলক বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সচেতন মহল বলছে, সাল্লিসের নামে অনিয়ম ও অর্থ বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেদিকেও নজর দিতে হবে।
এদিকে সাধারণ মানুষ এমপির ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
© Deshchitro 2024