মাদারীপুরের শিবচর উপজেলা-এ মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ তিনজনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা থেকে শুক্রবার ভোর ২টা পর্যন্ত উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইখা সুলতানা। এ সময় ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মাদকসেবী সরাব উদ্দিন (৪০) এবং মাদক বিক্রেতা সাকিব আল হাসান (২৬) ও সালমা (৪৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড এবং সাকিব আল হাসান ও সালমাকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ নারী (সালমা)  সহ তিন জনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা বলেন, “মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তায় বলা হয়, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়।” তরুণদের উদ্দেশে আরও বলা হয়, “নেশা নয়, সুস্থ ও সুন্দর জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার।”

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024