রংপুরের পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) রাতে পীরগাছা সদর ইউনিয়নের কারবালা মসজিদে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শামীম আল মামুনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর-রংপুর অঞ্চলের সহকারী পরিচালক আবুল হাশেম বাদল।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী শফিকুল ইসলাম খান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খলিলুর রহমান, শ্রমিক নেতা জহুরুল ইসলাম, আব্দুস সাত্তার মামুন ও সোহেল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


সম্মেলনে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি ডা. জাকির হোসেন।


বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশ ও সমাজ উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকার কথা তুলে ধরে শ্রমিকদের সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024